রাতারাতি ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যাওয়ায় হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিরাট কোহলিকে(Virat Kohli) ঘিরে। গতকাল, বৃহস্পতিবার গভীর রাত থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না কিং কোহলির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিষয়টি নজরে আসতেই নেটদুনিয়া জুড়ে শুরু হয় জল্পনা। কোহলি ভক্তদের মনে একের পর এক প্রশ্ন উঁকি দিতে থাকে—হঠাৎ কী এমন ঘটল? কেনই বা আচমকা গায়েব হয়ে গেল এত জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট? কোনও অফিসিয়াল বিবৃতি না আসায় ধোঁয়াশা আরও ঘনীভূত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে এই রহস্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কোনও স্পষ্ট ব্যাখ্যা সামনে আসার আগেই ফের সক্রিয় হয়ে ওঠে বিরাট কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল। শুক্রবার ভোরের আলো ফুটতেই দেখা যায়, সবকিছু আগের মতোই স্বাভাবিক। পুনরায় অ্যাক্টিভ অবস্থায় দেখা যায় কিং কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যা স্বস্তি ফেরায় ভক্তদের মনে। বর্তমানে বিরাটের এই অ্যাকাউন্টে রয়েছে মোট ১০৪৪টি পোস্ট এবং তাঁর ফলোয়ার সংখ্যা ২৭৪ মিলিয়নেরও বেশি। উল্লেখযোগ্যভাবে, এই অ্যাকাউন্টটি দীর্ঘ ২৭ বছরের পুরনো, যা তাঁর জনপ্রিয়তা ও ধারাবাহিক উপস্থিতির সাক্ষ্য বহন করে।
ভক্তদের একাংশের ধারণা, সম্ভবত কোনও টেকনিক্যাল সমস্যার কারণেই সাময়িকভাবে ইনস্টাগ্রাম থেকে সরে গিয়েছিল বিরাটের অ্যাকাউন্ট। যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত আরও একটি বিষয় নতুন করে কৌতূহল বাড়িয়েছে। যে সময় বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক সেই একই সময়ে তাঁর দাদা বিকাশ কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই সমান্তরাল ঘটনাই জল্পনাকে আরও উসকে দেয়।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোপুরি ফিরে আসে। এর আগে বৃহস্পতিবার রাতে অ্যাকাউন্টটি উধাও হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায়। নানা ধরনের মন্তব্য, অনুমান ও পোস্টে ভরে ওঠে নেটদুনিয়া। শেষ পর্যন্ত কিং কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফের সক্রিয় হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভক্তরা। অনেকেই কমেন্ট ও পোস্টের মাধ্যমে তাঁদের প্রিয় ক্রিকেটারকে ‘ওয়েলকাম ব্যাক’ জানাতে শুরু করেন।