আক্রমণাত্মক ও উচ্চগতির প্রেসিং ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখতে বদ্ধপরিকর মোহন বাগানের স্প্যানিশ কোচ সের্গিও লোবেরা(Sergio Lobera)। শুরু থেকেই তিনি এমন এক ফুটবল দর্শনে বিশ্বাসী, যেখানে আক্রমণই মূল অস্ত্র। তাঁর কৌশলে মাঝমাঠকে আরও শক্তিশালী করতে দুই উইং ব্যাককে নিয়মিত ওভারল্যাপে উঠে আসতে দেখা যায়। এই সিস্টেমে অভিষেক সিং ও শুভাশিস বসু-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচিং স্টাফ।
Thank you for reading this post, don't forget to subscribe!দলের ব্রাজিলিয়ান ফুটবলার রবসনকে কেন্দ্র করেও বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন লোবেরা। মাঝমাঠ থেকে আক্রমণে বল সরবরাহ করার দায়িত্বে রবসন ইতিমধ্যেই দলের প্রধান ‘ফিডার’ হিসেবে নজর কেড়েছেন। মোহন বাগানের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের ফর্মেশন ও খেলোয়াড়দের ভূমিকায় সূক্ষ্ম পরিবর্তন এনে চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত স্প্যানিশ কোচ। সেই কারণেই শনিবারের দুটি প্রস্তুতি ম্যাচকে লোবেরা কার্যত নিজের ‘রসায়নাগার’ হিসেবে দেখছেন, যেখানে শেষ মুহূর্তের পরীক্ষানিরীক্ষা সেরে নিতে চান তিনি।
সব নজর এখন আগামী ১৪ ফেব্রুয়ারি, যখন মোহন বাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে আইএসএলের নতুন মরশুমের উদ্বোধন হবে। সেই ম্যাচের আগেই দলকে পুরোপুরি প্রস্তুত করতে চাইছেন লোবেরা। তাঁর লক্ষ্য, প্রেসিং ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষের ঘুম কেড়ে নেওয়া।
এদিকে, ডেভেলপমেন্ট লিগে ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে মোহন বাগান। ম্যাচে প্রথমে সোহেল হরিজন-এর গোলে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন শিবির। পরে পুনীত থংজাম গোল করে সমতা ফেরান।
অন্যদিকে, ঘরের মাঠে ম্যাচ আয়োজন করতে মরিয়া মহমেডান স্পোর্টিং। তবে বিনিয়োগকারী না থাকায় সমস্যায় পড়েছে ক্লাবটি। এই পরিস্থিতিতে কিশোর ভারতী স্টেডিয়াম-এর ভাড়া মকুবের জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হতে চলেছে তারা।
আইএসএলের আগে নিঃশব্দে দল গুছিয়ে নিচ্ছে চেন্নাইয়ান এফসি। অভিজ্ঞ মিডফিল্ডার নাগুয়েরোর পাশাপাশি মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার বেনাম্মারকেও দলে নথিভুক্ত করেছে তারা। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে আগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফুটবলার। ইন্টার কাশী-ও পিছিয়ে নেই—লিথুয়ানিয়ার জাতীয় দলের স্ট্রাইকার নরিসকে দলে নিয়েছে আন্তোনিও হাবাসের দল।
এদিকে, আইএসএল সংক্রান্ত স্বত্ব ফেডারেশনের হাতে ফিরিয়ে দিয়েছে এফএসডিএল। লিগের লোগো ও সোশ্যাল মিডিয়ার স্বত্ব আবার এআইএফএফ-এর কাছে ফিরে যাচ্ছে।