বাদশাহর পুত্র বলেই হয়তো, জীবনের প্রথম বড় সাফল্যের মুহূর্তেও বাবার ছাপ যেন স্পষ্টভাবে চোখে পড়ল দর্শক ও অনুরাগীদের কাছে। আলোচনায় রয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান(Aryan Khan)। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়, যেখানে দেখা যায় জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন আরিয়ান। বছরের সেরা নবাগত পরিচালক হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে আরিয়ান তার বাবার প্রসঙ্গ টানলেও, পুরস্কারটি উৎসর্গ করেন মা গৌরী খানকে। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি করে—কেন বাবাকে নয়, মাকেই জীবনের প্রথম পুরস্কার উৎসর্গ করলেন তিনি?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরিয়ান খান হাসিমুখে বলেন, তিনি তার বাবার মতোই পুরস্কার পেতে ভীষণ ভালোবাসেন। তবে জীবনের প্রথম অর্জনটি তিনি বাবাকে নয়, বরং মাকেই উৎসর্গ করতে চান। কারণ ছোটবেলা থেকেই মা গৌরী খান তাকে কিছু গুরুত্বপূর্ণ জীবনমূল্য শিখিয়েছেন। যেমন—সময়মতো ঘুমাতে যাওয়া, কাউকে কখনও খারাপ কথা না বলা, গালিগালাজ থেকে নিজেকে দূরে রাখা। আরিয়ান জানান, এই শিক্ষাগুলোই তিনি তার প্রথম পরিচালিত কাজে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করেছেন। তার মতে, সেই কারণেই আজ তিনি প্রথম পরিচালনার জন্য প্রথম পুরস্কারটি হাতে পেয়েছেন। মজার ছলে তিনি আরও যোগ করেন, এই পুরস্কারের সুবাদে হয়তো সেদিন বাড়ি ফিরে মায়ের কাছ থেকে একটু কম বকুনি শুনতে হবে।
আরিয়ানের এই সরল ও আন্তরিক বক্তব্যে দর্শকাসনে উপস্থিত সবাই হেসে ওঠেন এবং মুহূর্তটি হয়ে ওঠে আরও স্মরণীয়।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পায় আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’। মুক্তির পরপরই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। স্ট্রিমিং শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি বিশ্বব্যাপী অ-ইংরেজি সিরিজের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয়। শুধু তাই নয়, ১৪টি দেশে ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি ৯টি দেশে সব অন্যান্য সিরিজকে পিছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছায় ‘ব্যাডস অফ বলিউড’। এই সাফল্যই আরিয়ান খানের পরিচালনা জীবনের প্রথম পুরস্কারের পথ আরও দৃঢ় করে তোলে।